কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার রসুলপুর রেলস্টেশন এলাকার চট্টগ্রামগামী পথের ডাউনলাইনের ১৬২/০১-এর মাদবপুরে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে ওই তিন কিশোরের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, ভোরে ঘটনাস্থলের কাছাকাছি ট্রেন কয়েকবার হুইসেল দেয়। তাদের ধারণা, তখন ওই তিন যুবক ট্রেন কাটা পড়েন।
সোহেল নামে স্থানীয় এক যুবক জানান, লোক মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তিনি দুই যুবককে জীবিত দেখতে পান। তাদের পা ও হাত কাটা ছিল। তাদের সাথে কথা বলার চেষ্টা করেন তিনি। এ সময় আহত দুই যুবক বাঁচানোর জন্য আকুতি করছিলেন ও পানি চাইছিলেন। এর কিছুক্ষণ পরই একে একে তাদের মৃত্যু হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থলের ঠিক ৫০ গজ দূরে রেললাইনের পাশে একটি পরিত্যক্ত ঘর রয়েছে। ওই ঘরটিতে প্রতিনিয়ত মাদক সেবন করত বখাটেরা। নিহত যুবকদের এ এলাকায় আগে কখনো দেখা যায়নি।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, ভোরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে রেল লাইনের ওপরে খণ্ড-বিখণ্ড লাশগুলো দেখতে পান। পরে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন। কোন ট্রেনে কাটা পড়েছে তা জানান চেষ্টা চলছে।