ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে ইয়াসিন খালাসী (১৮) নামে এক যুবককে হত্যা মামলার আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০-এর অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার এ তথ্য জানান।

গ্রেফতার ওই আসামির নাম মো: ইসমাইল বেপারী (১৮)। তিনি ভাঙ্গার মিয়াপাড়ার মো: আবুল বেপারীর ছেলে বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১০-এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৫-এর সহযোগিতায় ইয়াসিন খালাসী হত্যা মামলার আসামি ইসমাইল বেপারীকে সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১০ মে) রাতে কিশোর গ্যাংয়ের হাতে নিহত হন ওই গ্রামের জাহাঙ্গীর খালাসীর ছেলে ওয়ার্কশপ শ্রমিক ইয়াসিন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোবাইলে কল দিয়ে ডেকে নিয়ে বাড়ির পাশে ধান ক্ষেতে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যায় সে। এ ঘটনায় নিহতের বাবা হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেছেন।