কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সভাপতি ছাত্রনেতা শাহাবুদ্দিন পাটোয়ারীকে ‘বন্দুক যুদ্ধের’ নামে গুলি করে হত্যার অভিযোগে ১০ বছর পর মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে ১৩ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন শাহাবুদ্দিন পাটোয়ারীর বাবা জয়নাল আবেদীন পাটোয়ারী। মামলার আইনজীবী অ্যাডভোকেট মো: শাহজাহান এ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আসামিরা হলেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মাহফুজ, পরিদর্শক নুরুজ্জামান হাওলাদার, মো: ইব্রাহিম, ডিবির সাব ইন্সপেক্টর শাহ কামাল, মো: শহীদ, চৌদ্দগ্রাম থানার কনস্টেবল মো: নুর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, এসএএফ শাখার স্টাফ শরিফুল ইসলাম, মো: মোতাহের হোসেন, চৌদ্দগ্রাম থানার আনসার মুরাদ হোসেন।
অ্যাডভোকেট মো: শাহজাহান জানান, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের নির্দেশনায় মায়ের সামনে থেকে চৌদ্দগ্রাম থানা পুলিশ শাহাবুদ্দিনকে তুলে নিয়ে যায়। পুলিশ হেফাজতে মানুষ নিরাপদ থাকার কথা। কিন্তু সেটা না করে পর দিন ৬ ফেব্রুয়ারি কথিত ‘বন্দুকযুদ্ধের’ নামে তাকে ঠান্ডা মাথায় খুন করে মামলার আসামিরা।
উল্লেখ্য, ভাই নিহতের খবরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালর মর্গে দেখতে আসা বোন ফারজানা আক্তার সাংবাদিকদের জানিয়েছিল, পুলিশ তার ভাইকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে।