বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত শহীদ ওয়াসিম আকরামের বাড়িতে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।
রোববার (১৩ জুলাই) সকালে পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার পাড়ায় শহীদের বাড়িতে যান তিনি। ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম শহীদ ওয়াসিমের মা জোসনা বেগম ও ওয়াসিমের ভাই আরশেদ আলীর সাথে কথা বলে পরিবারের খোঁজখবর নেন। পরে স্থানীয় জামায়াত নেতাদের নিয়ে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন।
মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম, ফয়সাল আহমদ শান্ত, মুহাম্মদ ফারুকদের অবদান অনস্বীকার্য। তাদের ত্যাগ, কোরবানির বিনিময়ে দেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। দেশ ও জাতি তাদের অবদান চিরদিন স্মরণ রাখবে। অন্তর্বর্তীকালীন সরকার ১১ মাসেও জুলাই আন্দোলনের খুনীদের গ্রেফতার করতে পারেনি। দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য স্বৈরাচারের দোসররা খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি অব্যাহত রেখেছে। দেশবাসী পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের মতো গজিয়ে ওঠা নব্যসন্ত্রাসীদেরও রুখে দাঁড়াবে। তিনি অবিলম্বে জুলাই আন্দোলনের শহীদদের খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমির ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাওলানা বদিউল আলম জিহাদী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, চট্টগ্রাম মহানগর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমান, সিসিএ সভাপতি সেলিম জামান, কোতোয়ালী থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ।
স্থানীয় জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নায়েবে আমির ডা: জে এম শাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা: নুরুল কবির, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ, বাইতুল মাল সম্পাদক জয়নাল আবেদীন, কর্মপরিষদ সদস্য আনসার উল্লাহ, রুহুল আমিন, ছৈয়দ নুর, মীর মোশাররফ হোছাইন, নুরুল আবছার, আবদুল মজিদ আরমান, ইউনিট সভাপতি বাহার উদ্দিন, পেকুয়া উপজেলা শিবির সভাপতি শাহাদাত হোসেন, রাসেল, মাওলানা জমির উদ্দীন, সাংবাদিক নুর মোহাম্মদ প্রমুখ।