ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরো তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- মধুখালী উপজেলার মেছেড়দিয়া গ্রামের মিঠুন বেপারীর ছেলে মিনহাজ বেপারী (১৫) ও কোটবাড়ির লক্ষণদিয়া গ্রামের মরহুম হাছেন মাতুব্বরের ছেলে সোহরাফ মাতুব্বর (৪৫)।
তারা দুইজনই অটোভ্যানের যাত্রী ছিলেন। আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
এর আগে সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীর মেছেড়দিয়া মোড়ে এ ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে উপজেলার মেছেড়দিয়া মোড়ে একটি ব্যাটারিচালিত ভ্যান রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানে থাকা চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন ও ঢাকায় নেয়ার পথে আরেকজন নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘নিহত দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে বাস চালক ও চালকের সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ‘