দ্বীপের মানুষের সুখ দুঃখ বুঝতে হলে আপনাকে দ্বীপের বাসিন্দা হতে হবে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।
আজ বুধবার দুপুরে উপজেলা সদরে একটি চায়নিজ রেষ্টুরেন্টে হাতিয়ায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘হাতিয়া দ্বীপে যারা এর আগে প্রতিনিধিত্ব করেছেন তারা কেউ দ্বীপের স্থায়ী বাসিন্দা ছিলেন না। তাদের অনেকের পূর্বপুরুষের বাড়ি হাতিয়ায় ছিল বিধায় তারা নিজেদেরকে হাতিয়ার মনে করতেন। কিন্তু হাতিয়ার মানুষের প্রকৃত জীবনমান উন্নয়নে কোনো প্রভাব ফেলতে পারেননি তারা।’
তিনি আরো বলেন, ‘হাতিয়া দ্বীপের প্রধান সমস্যা নদী ভাঙন। এ সমস্যা সমাধানের লক্ষ্যে কেউই জোরালোভাবে কাজ করেনি। এ বিষয়ে সবাই শুধু লোক দেখানো রাজনীতি করে গেছেন। আমি এ ব্যাপারে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নিব এবং আমার সে সুযোগ আছে।’
আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব ইতোমধ্যে হাতিয়ায় ঈদ পরবর্তী বিভিন্ন পথ সভায় অংশগ্রহণ করছেন।
এসব পথ সভার বক্তব্যে তিনি আরো বলেন, ‘এসব পথ সভায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনে কাজ করছেন।’
এ সময় উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাবেক জিএস জাকের উদ্দিন পারভেজ, প্রভাষক মহিব্বুর রহমান, জেলা শ্রমিক দলের সদস্য আবুল কাশেম, মাষ্টার জাহেদুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তুষার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন আলী, পৌরসভা ছাত্রদল সদস্য সচিব শামছুল আরিফ রুস্তম, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি বাবর আহমেদ প্রমুখ।
এছাড়াও হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।