মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত প্রদীপের লাশ ৩৬ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
সোমবার (২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চাতলাপুর সীমান্ত দিয়ে ওই যুবকের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আফছার এ বিষয়টি নিশ্চিত করেন।
কুলাউড়া থানার (ওসি) গোলাম আফছার নয়া দিগন্তকে জানান, ‘ভারতের কৈলাশহর থানা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশের উপস্থিতিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা বাংলাদেশের বিজিবির কাছে নিহত প্রদীপের লাশ হস্তান্তর করে। পরে বিজিবি কুলাউড়া থানাকে লাশ হস্তান্তর করে।’
পুলিশ জানায়, নিহত যুবকের ময়নাতদন্ত ভারতে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ পুলিশ নিহতের লাশ স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।
এর আগে উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী নিশ্চিন্তপুর এলাকায় ৩১ মে (শনিবার) রাত ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কৈলাশহরের রাঙ্গাউটির ওপার থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়লে প্রদীপ বৈদ্য (২৩) নামে এক হিন্দু যুবক কাঁটাতারের পাশেই ঘটনাস্থলে নিহত হয়। নিহত যুবক শরীফপুর ইউনিয়নের দওগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের মেজো ছেলে।
এ বিষয়ে বিজিবি-৪৬ ব্যাটেলিয়ানের সিও লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘বিএসএফ সোমবার নিহত বাংলাদেশী যুবক প্রদীপের লাশ হস্তান্তর করেছে।’