নেত্রকোনার সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে এলাকায় ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সুসং দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় ১১৫৬ নম্বর পিলারের কাছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে।
ওই সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও এলাকাবাসীর তীব্র প্রতিবাদ এবং বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়। এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার শত শত নারী-পুরুষ সীমান্ত এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ করতে থাকে।
প্রাপ্ত সংবাদে জানা যায়, ওই স্থানে বেড়া নির্মাণের জন্য বিএসএফ নির্মাণ সামগ্রী জড়ো করা অব্যাহত রেখেছে। যেকোনো সময় বাংলাদেশের ভবনীপুর সীমান্তের ভেতর ঢুকে বেড়া নির্মাণের অপচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা যায়।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো: সারওয়ার জাহান বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে মিনিটে নয়া দিগন্তকে বলেন, ২০২২ সালে ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে, দু’দেশের সীমান্তের ৫০ গজের মধ্যে কোনো ধরনের বেড়া কেউ নির্মাণ করতে পারবে না। কিন্তু সেই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
৩১ বিজিবির নেত্রকোনা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান বলেন, ‘সীমান্তের নদীতে ভাঙন শুরু হলে বাংলাদেশীদের চলাচলের রাস্তা ভেঙে পড়ায় সীমানা ঘেঁষে চলাচলে বাঁধা সৃষ্টি করাকে কেন্দ্র করে এই অবস্থার সৃষ্টি হয়। ভবানীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে নজরদারী ও সতর্ক অবস্থায় রয়েছে।
খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও নেত্রকোনা শাখার সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বিএসএফ বাংলাদেশ সীমানার অভ্যন্তরে বেআইনিভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের অপচেষ্টায় লিপ্ত থাকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।