চুয়াডাঙ্গার দামুড়হুদায় পার্ক থেকে মেছো বিড়াল, বানর ও হুতুমপ্যাঁচা পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় উদ্ধার করা প্রাণীগুলো বনে অবমুক্ত করা হবে বলে জানান উপজেলা বন কর্মকর্তা।

রোববার (২৫ মে) দুপুরের দিকে ঢাকা বন বিভাগের বন্য প্রাণী পরিদর্শক ও দামুড়হুদা বন বিভাগের সহায়তায় উপজেলার ইব্রাহিমপুর মেহেরুননেছা পার্কে অভিযান চালিয়ে খাঁচাবন্দি এসব প্রাণী জব্দ করা হয়।

দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, তিনি বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে উপজেলার মেহেরুন নেছা পার্কে একটি মেছো বিড়াল, তিনটি বানর, ও একটি হুতুমপ্যাঁচা পাখি দীর্ঘদিন ধরে পার্কে প্রদর্শনের জন্য খাঁচাবন্দি রয়েছে। তিনি ওই পার্কে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। পরে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবিহিত করেন।

আজ রোববার দুপুর সারে ১২টার দিকে ঢাকা বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক অন্সিস মল্লিক, আব্দুল্লা আস সাদিক ও এনিমেল কিলার সঞ্জয় বন্ধন উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, জীবননগর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামকে সাথে নিয়ে মেহেরুন নেছা পার্কে অভিযান চালায়। এ সময় সেখান থেকে খাঁচাবন্ধি অবস্থায় প্রাণীগুলো জব্দ করা হয়।

বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লা আস সাদিক বলেন, বন্যপ্রাণী আটক করা বা আটকিয়ে রাখা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ মোতাবেক এসব বন্যপ্রাণী আটক করে দামুড়হুদা উপজেলা বন বিভাগে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আজই প্রাণীগুলোকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে। এ কাজে সহায়তা করেন দামুড়হুদা বন বিভাগের পি এম আহসান হাবিব।