মাদারীপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় সড়ক দুর্ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দৈনিক নয়া দিগন্তের বাউফল সংবাদদাতা ও নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রী কলেজের প্রভাষক আসাদুজ্জামান সোহাগ, তার ভাগ্নি মোছা: তনু (৩০) এবং তনুর মেয়ে সাদিকা (৮) ও ছেলে সারাফ (৪) ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে রাজৈরের টেকেরহাট থেকে মাদারীপুরের উদ্দেশে ছেড়ে আসে একটি লোকাল পরিবহনের যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের বৌলগ্রাম এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদ খান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।