কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী নদীতে ডুবে আবু ইউসুফ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টায় ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবু ইউসুফ এতবারপুর দক্ষিণপাড়া লাকি বাড়ি গ্রামের মরহুম ছোরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আবু ইউসুফ তার ভাই হুমায়ূন কবিরের সাথে গরুর জন্য ঘাস কাটতে নদীর অপর তীরে যান। ঘাস কেটে ফেরার পথে নদী সাঁতরে পার হওয়ার সময় আবু ইউসুফ নিখোঁজ হন। হুমায়ূন কবিরের চিৎকারে স্থানীয়রা এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে আবু ইউসুফের লাশ উদ্ধার করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।