ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে জুয়ার আসরে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- ডুমাইনের মরহুম মোক্তার শিকদারের ছেলে শরিফুল শিকদার (৩২) ও হাতেম শেখের ছেলে রাজিব শেখ (৩৫)।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার সত্যতা নিশ্চিত করে জানান, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডুমাইন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জানুয়ারি ডুমাইন বাজারে জুয়ার আসরে পুলিশের অভিযান চালানোর সময় হামলা চালিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মধুখালী থানায় একটি নিয়মিত মামলা হয়। পরে তদন্তকারী জড়িত আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র পাঠান। ওই অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযান পরিচালনা করে দু’জনকে গ্রেফতার করে।

অপর ঘটনায় ফরিদপুরের সালথা হতে একটি দেশীয় এলজি সহ শর্টগানের দু’টি তাজা কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১০।

এছাড়া সদর উপজেলার গঙ্গাবর্দীতে পৃথক অভিযান চালিয়ে মুন্না মোল্যা (১৯), পিতা- জলিল মোল্যা, সাং- দক্ষিণ সদরবেড়া, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত ২৩ মার্চ ১৬ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মুন্না মোল্লার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় ফরিদপুরের নগরকান্দা থানায়।