নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেদের তিনটি ট্রলারে ৩২ জনকে উদ্ধার করা গেলেও সাতজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়।

ভাসানচরে থাকা হাতিয়ার বাসিন্দা জাহিদ হোসেন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদীতে ঝড়ো হাওয়া ও বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীর মাঝির বোটে ২ জন পুলিশসহ ৩৯ জন যাত্রী নিয়ে রওনা দেয় এবং পথিমধ্যে দুর্ঘটনা ঘটে। ৩২ জন যাত্রীকে জেলেদের তিনটি ট্রলার উদ্ধার করেছে। এখনো ৭ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কুতুব উদ্দিন বলেন, ভাসানচর থেকে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারটি দুপুর সাড়ে ১২টায় ছেড়ে গেছে। তীরের কাছাকাছি গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধার অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।