রাজধানীর পূর্ব বাড্ডা কবরস্থান রোডে আমির হোসেনের চিপস ফ্যাক্টরির ভেতর থেকে দগ্ধ অবস্থায় দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) সকালে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন রংপুর জেলার তারাগঞ্জ থানার বড় কুমারপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে মোহাম্মদ মোস্তফা (২১) ও একই থানার কাজীপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৩)।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভোর ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্যাক্টরির ভেতর থেকে দুই শ্রমিকের দগ্ধ লাশ উদ্ধার করে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই যুবক ওই ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সেখানেই অবস্থান করতেন।