সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি জনগণের দল। এই দলের জন্ম হয়েছে জনগণের ভেতর থেকে। বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, আত্মসমর্পণেরও নয়। লক্ষাধিক নেতাকর্মী নির্যাতিত হয়েও অন্য দলে যায় নাই।
তিনি বলেন, জনগণকে সাথে নিয়েই বিএনপি অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শনিবার হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলায় দারিদ্র শিক্ষা, কৃষি, সমাজকল্যাণ, প্রতিবন্ধী সেবা এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নকে কেন্দ্র করে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার ধারাবাহিকভাবে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং উৎপাদন বৃদ্ধি করার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির বিকল্প নেই। কৃষকদের নতুন প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে। একইসাথে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এসব অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, রাসায়নিক সার, ফলজ ও বনজ গাছের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।