নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদ সদস্যসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার রাত থেকে রোববার (১১ মে) সকাল পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

এ সময় অভিযানে পুরুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনিস শেখ (৫০), একই গ্রামের নাজিম উদ্দিন শেখ (৩৮) ও চঞ্চল মোল্যাকে (৩৬) আটক করা হয়েছে।

অভিযানের সময় একটি শুটার গান, তাজা কার্তুজ ছয় রাউন্ড, ব্ল্যাংক কার্তুজ ১৭ রাউন্ড, ট্যাটা একটি, শটগানের কভার, চাইনিজ কুড়াল, ছুরি ও ধনুক দু’টি করে, ঢাল ছয়টি, সানদা (ধারালো অস্ত্র) ও বল্লম সাতটি করে, সড়কি ১৯টিসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি উদ্ধার করেছে যৌথবাহিনী।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হবে।