মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘শহীদ জিয়ার ঘোষণা, মুক্তিযুদ্ধের সূচনা’ শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি মালদ্বীপ শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যার দিকে রাজধানী মালের চিন চন রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দলটির মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে মহান স্বাধীনতা দিবস এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে উপস্থিত নেতাকর্মীদের অবগত করেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা ও বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি খলিলুর রহমান বিএনপির সকল নেতাকর্মী এবং মালদ্বীপে অবস্থানরত সকল প্রবাসীদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের ইতিহাস এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও তার সাহসিকতা নিয়ে আলোকপাত করেন।
পরে তিনি বাংলাদেশের বর্তমান রাজনীতির বিষয়ে দেশ ও বিদেশ থেকে পলাতক ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে উল্লেখ করে, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে বলে জানা তিনি। একইসাথে নেতাকর্মীদের আশ্বস্ত করেন, এখন বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি বিজয়ী হবে এবং দেশ ও জনগণের সেবা করার সুযোগ পাবে বলে যোগ করেন তিনি।
অনুষ্ঠানে দলটির মালদ্বীপ শাখার সহ-সভাপতি শাহ্ আলাম, এমরান হোসেন, মো: মুক্তার হোসেন, এরশাদ মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠনের সভাপতি আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা, গণতন্ত্র পুনরুদ্ধার, জিয়াউর রহমানের মাগফেরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন দলটির মালদ্বীপ শাখার ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।