মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের বেগমানপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত দাস (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।

দীপ্ত দাস কুলাউড়া উপজেলার নূরপুর গ্রামের পরলোকগত ইরেশ দাসের ছেলে। সে জুড়ী উপজেলার ভূঁয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীপ্ত তার চাচাতো ভাই আকাশ দাসকে নিয়ে প্রতিবেশী শিক্ষক দেবব্রত দাসের বাড়ির টিনের চালায় উঠে ডিশ অ্যানটেনার সংযোগ ঠিক করছিল। চালার সামান্য ওপরে পল্লী বিদ্যুতের একটি লাইন টানানো ছিল। কাজের একপর্যায়ে আকাশ নিচে নেমে চিৎকার করতে থাকে। পরিবারের অন্যান্যরা সেখানে গিয়ে দেখেন, দীপ্ত বিদ্যুৎ লাইনে জড়িয়ে আছে। পরে আশঙ্কাজনক অবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপছার বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।