নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মো: মেহেদী হাসান (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে আসামির উপস্থিতে এই আদেশ দেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম।

দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা পাঠানপাড়া গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামের মেহেদী হাসান নামে এক যুবক বিয়ের প্রলোভন দিয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের একপর্যায়ে ২০২২ সালের ৩০ জানুয়ারি মধ্য রাতে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা দিয়ে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে ডেকে নেন মেহেদী। পরে সেখানে মেহেদী ওই ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর মা মেহেদী হাসানকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন।

নাটোর জজ কোর্টের সরকারি কৌঁশুলি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া জানান, মামলা দায়েরের পর পুলিশ মেহেদী হাসানকে গ্রেফতারসহ তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ে আরো উল্লেখ করা হয়, জরিমানার টাকা ভিকটিম পাবেন।