চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম (৫৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন।

শনিবার (১০ মে) বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রহিম আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের বাসিন্দা এবং হাউসপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি। তিনি ওই গ্রামের মরহুম মেসের আলীর ছেলে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, শনিবার সকালে আব্দুর রহিম মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি কুষ্টিয়ার নানদিয়া হারুলিয়া গ্রামে যাচ্ছিলেন। পথে আলমডাঙ্গা উপজেলার ডাম্বলপুর মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আইনিপ্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।