টাঙ্গাইলের সখীপুরে ঘোড়ার গাড়িতে গাছের গুঁড়ি ওঠানোর সময় মজনু মিয়া (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দক্ষিণ দেওবাড়ি গ্রামের চাকলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মজনু মিয়া উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, মজনু মিয়া ওই এলাকার কাঠ ব্যবসায়ী তারু মিয়ার নিয়মিত মালামাল বহন করতেন। ঘটনার দিন সকালে ঘোড়ার গাড়িতে গাছের গুঁড়ি ওঠানোর সময় অসাবধানতাবশত একটি গাছের গুঁড়ি তার ওপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’