নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে নুরুল আমিন কালা (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে দিনমজুর জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল।
নোয়াখালী আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, জেলা শহর মাইজদীতে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বারবার বজ্রপাত হয়।