চুয়াডাঙ্গার দামুড়হুদায় তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রার পারোদ ৪১ ছাড়িয়ে গেছে।

আজ শুক্রবার বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার ছিল ২৪ শতাংশ।

এর আগে, গেল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, বয়ে যাওয়া তাপপ্রবাহ সাময়িক হলেও এর তীব্রতা আরো কয়েকদিন থাকতে পারে। গরম ও আর্দ্রতার সংমিশ্রণে বেড়ে গেছে হিট স্ট্রোকের আশঙ্কাও। এ অবস্থায় শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের সতর্ক থাকতে এবং যথাসম্ভব রোদ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা সামান্য কম থাকায় কিছুটা স্বস্তি মিলছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। জেলার মানুষ এখন স্বস্তির বৃষ্টির অপেক্ষায়।

চুয়াডাঙ্গা শহরের রিকশাচালক ঝন্টু মিয়া জানান, ‘রাস্তায় রোদ আর গরমে হাঁসফাঁস লাগতেছে। কিন্তু পেটের তাগিদে কাজ ছাড়াও উপায় নাই।’

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রাকিবুল হাসান বলেন, ‘আজ শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।’