মোংলায় উপজেলা পরিষদ ভবনের বাথরুম থেকে মান্নান কবিরাজ (৬৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে উপজেলা প্রশাসন।

মৃত মান্নান কবিরাজ উপজেলা পরিষদ এলাকার বাসিন্দা ছিলেন।

জানা যায়, মান্নান কবিরাজ সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে তার ছোট ভাই আমির হোসেন খোঁজাখুঁজির একপর্যায়ে উপজেলা পরিষদের বাথরুমের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

সংবাদ জানার পরে মোংলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের উপস্থিতিতে স্বজনরা মান্নান কবিরাজের লাশ গ্রহণ করেন।