সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিড়ি) চাকা মেরামতের সময় চাকা ফেটে একজন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ওসমানী বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রোমান আহমদ (২২)। তিনি নগরীর বিমানবন্দর থানার লুছাই গ্রামের মো: মছর মিয়ার ছেলে। আহত এনামুল (২৫) বিমানবন্দর থানার মহালদিগ গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
হতাহতরা নিয়মিত মেরামত কাজের দায়িত্বে থাকা একটি প্রাইভেট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানী বিমানবন্দরের ব্যাবস্থাপক হাফিজ আহমদ বলেন, ‘এটি ছিল রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের দুজন কর্মী কাজটি করার সময় দুর্ঘটনার শিকার হয়ে আহত হন। তাদেরকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং ওসমানী মেডিকেল আইসিইউ না থাকায় তাকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় বিকেল সাড়ে ৩টার সময় রোমান আহমদ মারা যান।
তিনি বলেন, ‘আহত এনামুল ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে। দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক দুর্ঘটনা।’