নাটোরের বড়াইগ্রামে হাতি দিয়ে পথ আটকে চাঁদাবাজি করা এবং চাঁদা না দেয়ায় অটোরিকশা ও মোটরসাইকেল উল্টে দেয়ায় মাহুতকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়াইগ্রাম থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাহুত আরিফুল ইসলাম দিনাজপুর জেলার বিরল উপজেলার তৈয়বপুর গ্রামের আসমত আলীর ছেলে।
জানা গেছে, দুপুরে মাহুত আরিফুলসহ দুইজন যুবক নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে হাতিটি নিয়ে পাবনায় একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পথে পথে তারা বিভিন্ন ছোটবড় যানবাহনের পথরোধ করে চাঁদা তুলছিলেন। শুক্রবার বড়াইগ্রামের মৌখাড়ায় জেলার অন্যতম বৃহৎ হাটের দিন হওয়ায় রাস্তায় যানবাহন আটকানোর ফলে যানজট সৃষ্টি হচ্ছিল। এ সময় লোকজন পথ ছেড়ে দিতে অনুরোধ করলেও তিনি পথ ছেড়ে দেননি। উল্টা চাঁদা না দেয়ায় হাতির সাহায্যে ধাক্কা দিয়ে একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা যাত্রীসহ উল্টে ফেলে দেন। এতে লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।
তবে আহত মাহুত আরিফুল ইসলাম পথ আটকে চাঁদা নেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো পথ রোধ করে টাকা নিইনি। যে যা খুশি দিয়েছে। কিন্তু কয়েকজন লোক আমাকে অন্যায়ভাবে মারধর করেছে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আফাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত মাহুতকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।