চুয়াডাঙ্গার দর্শনায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় সিয়াম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে দর্শনা-মুজিবনগর সড়কের ধান্যঘরা গ্রামের ক্লাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

নিহত সিয়াম ধান্যঘরা গ্রামের পলাশ হোসেনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে দাদির সাথে ভ্যানে চড়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল সিয়াম। ধান্যঘরা গ্রামের ক্লাব ঘরের সামনে ভ্যান থেকে নেমে দাদির হাত ধরে রাস্তা পার হওয়ার সময় কার্পাসডাঙ্গাগামী ‘রেখা পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।