দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চারজন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বরিশালের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন দলের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

আমার দেশ পাঠক মেলার বরিশাল জেলা শাখার আহ্বায়ক ডা: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিগত স্বৈরাচারের পতিত আওয়ামী লীগ সরকারের নানান অপকর্ম তুলে ধরার অপরাধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারাদেশে ১৩৬ মামলা করা হয়েছিল। সম্পাদক মাহমুদুর রহমানকে প্রতিদিনই কোনো না কোর্টের বারান্দায় ছুটতে হয়েছে। মামলায় হাজিরা দেয়ার প্রাক্কালে কোটের অভ্যন্তরেই তার উপরে নির্মমভাবে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। এরপরও আমার দেশ সম্পাদক মাহামুদুর রহমান অন্যায়ের সাথে আপস করেনি। ৫ আগস্টের পরও স্বৈরাচারের দোসররা এখনো সরকারের বিভিন্ন দফতরে বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছে।’

বক্তারা বলেন, মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর। দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশকেই বিপদের মুখে ঠেলে দিয়েছে।

তারা বলেন, আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের অপকর্মের ঘটনা সবার সামনে তুলে ধরায় অকুতোভয় সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে। ফ্যাসিস্টরা এখনো চারিদিকে ঘাপটি মেরে বসে আছে। সময় হয়েছে এসব দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার।

এ সময় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ নুরুল আমিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার ও বরিশাল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, পাঠক মেলার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসান, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহিন হাফিজ, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাইনুল ইসলাম শিহাব, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক খান মনিরুজ্জামান, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, মহানগর যুবদলের সহ-সভাপতি জাহিদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানবনন্ধনে বরিশাল প্রেসক্লাবের কোষাধক্ষ সুখেন্দু এদবর, আমার দেশ পত্রিকার বানারীপাড়া প্রতিনিধি মো: সাইদুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধি মো: আরিফ হোসেন, গৌরনদী প্রতিনিধি আমিনা আক্তার, উজিরপুর প্রতিনিধি নাছির উদ্দীন বালী অপু, হিজলা প্রতিনিধি মো: ইয়ামিন মোল্লাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে মেঘনা গ্রুপের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে নগরীতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিবির পুকুর পাড়ে গিয়ে শেষ হয়।