নববর্ষের আগমনে চুয়াডাঙ্গায় উৎসবের আমেজ। জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। মেলায় মৃৎশিল্প, হস্তশিল্প, নকশীকাঁথা, পাট ও কাপড়ের তৈরি নানা সামগ্রী, রকমারি গ্রামীণ খাবারের পসরা বসেছে। ঐতিহ্যবাহী নানা পণ্যের সমাহারে মেলা প্রাঙ্গণে গ্রাম বাংলার ঐতিহ্যের ছোঁয়া ফুটে উঠেছে।

মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় রয়েছে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকগীতি, নৃত্য, নাটকসহ বৈচিত্র্যময় অনুষ্ঠানমালায় মুখর থাকবে মেলা প্রাঙ্গণ।

জেলা প্রশাসক মো: জহিরুল ইসলাম বলেন, ‘লোকজ সংস্কৃতি আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। এই মেলার মাধ্যমে নতুন প্রজন্ম বাঙালিয়ানার ঐতিহ্য ও শেকড় সম্পর্কে আরো বেশি জানতে পারবে। সংস্কৃতি চর্চা সমাজকে মানবিক করে তোলে। আমরা সেই চর্চা অব্যাহত রাখতে চাই।’

তিন দিনব্যাপী এই মেলায় শহর ও গ্রামের নানা প্রান্ত থেকে মানুষ জন পরিবার পরিজন নিয়ে মেলা উপভোগ করতে আসছেন। মেলায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনী।