চট্টগ্রামের মিরসরাইয়ে ফুটপাত দখলমুক্ত করতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে উপজেলা প্রশাসন। এ সময় লাইসেন্স না থাকায় শাহ আমানত অ্যান্ড রেস্টুরেন্টে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বারইয়ারহাট ইউটান এলাকায় ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার। এ সময় বারইয়ারহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদারসহ জোরারগঞ্জ থানা পুলিশ ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটান এলাকায় ফুটপাত দখল করে ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠে। এছাড়া দোকানের বাইরেও ফুটপাত দখল করায় চলাচলে বিঘ্নতাসহ প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
প্রশাসক সোমাইয়া আক্তার বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা করে আসছে। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা ড্রেজার দিয়ে ভাঙচুর ও উচ্ছেদ করা হয়েছে। এছাড়া শাহ আমানত রেস্টুরেন্টকে লাইসেন্স দেখাতে না পারায় ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’