ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে নিখোঁজের পাঁচদিন পর মো: নিরব শেখ (১৭) নামে এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে শহরের বায়তুল আমান আকাব্বর মোল্লা ডাঙ্গী থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
নিহত নিরব শেখ শহরের বর্ধিত পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আকাব্বর মোল্লা ডাঙ্গী গ্রামের রাজমিস্ত্রী রেজাউল শেখের ছেলে। পেশায় সে একজন ইলেকট্রনিক মিস্ত্রি।
নিহতের বাবা রেজাউল শেখ বলেন, পাঁচদিন আগে (২৫ মে) থেকে নিরব নিখোঁজ ছিল। এ বিষয়ে ২৭ মে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়। কিছুদিন আগে নিরব ১৪ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কেনে। মোবাইলের লোভেই তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে জানতে পেরেছেন তিনি।
বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে নদীর কিনারায় নিরবের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আশরাফ জানান, ‘মুকুল মল্লিক (২৫) ও অভি (২০) নামে দুইজনকে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে। ঘটনার দিনে মুকুলের রিকশায় করে নিরবকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। আশা করছি ৭২ ঘণ্টার মধ্যেই আমরা নিরবের মোবাইল ফোন উদ্ধারসহ জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হব।’
এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নিরবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।