ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রসংসদ গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় টিএসসিসির করিডোরে ইবিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ দাবি জানান।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ছাত্রদের অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো ছাত্রদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা বাস্তবায়ন করতে পারলে সেটা ক্যাম্পাস রাজনীতির জন্য ভালো। একইসাথে জাতীয় রাজনীতিতে ক্যাম্পাস থেকে ভালো নেতৃত্ব তৈরি হবে।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় সমাজের সংস্কারের অংশ হিসেবে অর্থনৈতিক কাঠামোকে ঢেলে সাজানো গেলে নতুন ধারার সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব। যখন উঁচু-নিচু ভেদাভেদ থাকবে, কর্মহীন বা বেকারের সংখ্যা বেশি থাকবে তখন সমাজে চুরি, দুর্নীতি, হত্যাযজ্ঞ বেশি হবে। উন্নত রাষ্ট্রে তাদের জনশক্তির জন্য যথেষ্ট কর্মস্থল থাকায় সেখানে চুরি-রাহাজানির ঘটনা কম।’

তিনি আরো বলেন, ‘দেশের ৯০ শতাংশ সম্পদ ১০ শতাংশ মানুষের কাছে কুক্ষিগত হয়ে আছে। ফলে সম্পদের ডিসেন্ট্রালাইজেশন করা হচ্ছে না। তাই ওয়েলফেয়ার ইকোনোমির মাধ্যমে আমাদের সম্পদগুলোকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। দেশের উন্নতির জন্য জনশক্তিকে জনসম্পদে রুপান্তর করতে হবে। দেশের ৩৮ লাখ যুবক বেকার রয়েছে। তাদের কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মমুখী করলে সমাজে একটি সুন্দর পরিবেশ তৈরি হবে।’

অনুষ্ঠানে ইবি শিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির ইবি শাখা সেক্রেটারি ইউসুব আলী।

এর আগে সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের গগণ হরকরা গ্যালারিতে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করে সংগঠনটি। এতে কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।