মুন্সীগঞ্জের সিরাজদিখানে অ্যাম্বুলেন্সকে ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহতের ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের সেই ঘাতক বাসের চালক ফয়সালকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকালের দিকে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এর আগে দুর্ঘটনার দিন গত ৮ মে বিকেলে বাসটির সুপারভাইজার কল্যাণ বিশ্বাস (২৩) ও হেলপার সাইফুল ইসলাম শান্তকে (২৬) গ্রেফতার করে পুলিশ।

বাসচালক ফয়সালের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার নীলকমল গ্রামে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঘটনার পর গোল্ডেন লাইন বাসের সংশ্লিষ্টদের নামে সিরাজদিখান থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন নিহতদের এক স্বজন। ওই মামলায় বাসচালক ফয়সালকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৮ মে মাদারীপুর থেকে এক গর্ভবতী নারীকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসার পথে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ওই গাড়ির চালক বিকল হয়ে পড়ে। এরপর রাস্তার পাশে চাপিয়ে চাকা মেরামত করছিলেন চালক।

চাকা মেরামতকালে আরোহীদের কয়েকজন অ্যাম্বুলেন্সের ভেতরে বসে ছিলেন। বাকি কয়েকজন পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এ সময় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়।