জামালপুরের মাদারগঞ্জে সাবেক এক ছাত্রদল নেতার হঠাৎ রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি ব্যক্তিগত ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে বিদায়ের কথা ঘোষণা করেন।

রোববার (৩ মে) দেয়া ওই পোস্টে সাবেক এই নেতা জানান, দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকার কারণে তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে এবং ক্যারিয়ার গঠনে পিছিয়ে পড়েছেন। তাই ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি নতুন করে নিজের পথচলা শুরু করতে চান।

জানা যায়, তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। পূর্বে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, রাজনীতির সাথে জড়িত থাকার সময়টাতে অনেক অভিজ্ঞতা অর্জন করলেও এখন তার প্রধান লক্ষ নিজের ভবিষ্যৎ গড়ে তোলা। এ কারণে তিনি সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে অতীতে কারো সাথে কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ হয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের বর্তমান সভাপতির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাবেক ওই নেতার এমন সিদ্ধান্ত সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন।