বরিশালের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার কিটসহ অন্যান্য উপকরণ নেই। এতে ক্ষোভ প্রকাশ করছেন সেবাপ্রত্যাশীরা। তবে দুয়েক দিনের মধ্যে কিটসসহ অন্যান্য উপকরণ চলে আসলে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

রোববার (১৫ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, করোনা পরীক্ষার কিটসহ অন্যান্য উপকরণ নেই। ফলে এই স্বাস্থ্যকেন্দ্রে সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন করোনার লক্ষণ নিয়ে আসা রোগীরা।

উপজেলার মাদার্শী গ্রামের বাসিন্দা মনির হোসেন বলেন, করোনার লক্ষণ নিয়ে সরকারি হাসপাতালে গিয়ে জানতে পারি টেস্ট করা যাবে না। কয়েকদিন পর আসতে বলছে। এখন অসুস্থ শরীর নিয়ে কোথায় যাব? হাসপাতালে যদি স্বাস্থ্য সেবার মান এমন হয়।

ধামুরা বাসিন্দা মোশারেফ হাওলাদার বলেন, করোনার লক্ষণ নিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই, গিয়ে জানতে পারি করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। সরকারি হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসাসেবা পাইনি। এটি খুবই দুঃখজনক।

এ বিষয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শওকত আলি বলেন, ঈদের ছুটির কারণে করোনার পরীক্ষা-নিরীক্ষায় একটু বিলম্ব হয়েছে। দুয়েক দিনের মধ্যেই করোনা পরীক্ষার কিটসসহ সব উপকরণ চলে আসবে।