পটুয়াখালীর কলাপাড়ার পৌর শহরের খাল থেকে অজ্ঞাত পরিচয়ের নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন রহমতপুর জীন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ, বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা খালের মধ্যে ময়লা ফেলতে গিয়ে লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই নারীর পরনে লাল ও খয়েরি রঙের মেক্সি ছিল। তার মুখ-মণ্ডল ও শরীরের বিভিন্ন স্থান পোকায় খেয়ে ফেলায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

স্থানীয়দের ধারণা, ওই খালে জোয়ার ভাটার পানি প্রবাহমান না থাকায় দুর্বৃত্তরা হত্যার পর ফেলে গেছে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।