রাজধানীর বেইলীরোডে অবস্থিত ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিংমলের বেজমেন্টে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে আগুন নির্বাপণের কাজ করে ফায়ার সার্ভিস।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আসে ৭টা ৪৭ মিনিটে। এ সময় ভবনের ছাদ থেকে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে শিশু, নারী ও পুরুষ রয়েছে। ওই এলাকায় বর্তমানে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। উৎসুক জনতার ভিড়ে আগুন নির্বাপণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকর্মীদের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ অন্যন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেজমেন্টে আগুন লেগেছে। আমাদের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে কাজে যোগ দেয়। পরে আরো ছয়টি ইউনিট যোগ দিয়েছে। মোট নয়টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের ঘটনায় ভবনের ভেতরে অনেক লোকজন আটকে আছে।

এদিকে ভবনটিতে ব্যাপক অনিয়ম রয়েছে বলে একাধিক দোকান মালিক অভিযোগ করেছেন। বেজমেন্টে লিফট থাকার কথা থাকলেও সেখানে মার্কেট কর্তৃপক্ষ বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছিল।