রাজধানীর পল্লবীর কালশি দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতরা হলেন, মোহাম্মদ রিয়াদ গাজী (১৭) ও মোহাম্মদ তোফাজ্জল (১৯)। তারা দুই বন্ধু ছিল।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এসে তাদের দুজনের পরিচয় শনাক্ত করেন স্বজনরা।
নিহত রিয়াদে চাচা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ‘আমার ভাই দুবাই প্রবাসী। আমার ভাতিজা চাঁদপুরে একটি মাদরাসার পড়াশোনা করতো। ঈদের ছুটিতে ঢাকায় বন্ধু তোফাজ্জলের বাসায় ঘুরতে আসে। গতকাল দুই বন্ধু মোটরসাইকেল করে পল্লবীর কালশি ফ্লাইওভার উপর দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো জানান, ‘আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর জেলার জামানকান্দি গ্রামের মো: বিল্লাল গাজীর ছেলে রিয়াদ। রিয়াদরা চার ভাই বোন।’
অপরদিকে নিহত মোফাজ্জলের ভাই মোহাম্মদ নাঈম জানান, ‘আমার ভাই ক্যান্টনমেন্টের মানিকদি ইএলএফ চাইল্ড স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী ছিল। আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মাগুরা গ্রামে। বাবার নাম মোহাম্মদ রেনু মিয়া। বর্তমানে ক্যান্টনমেন্টের মানিকদি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। আমরা চার ভাই-বোন, তোফাজ্জল ছিল দ্বিতীয়।’
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আতিকুর রহমান জানান, ‘নিহত দুই যুবকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রাইভেটকারের চালককে আইনের আওতায় আনা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’