রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে পাওয়া পরিচয়ে জানা গেছে, মতিন মিয়া রংপুর জেলার কিশোরগঞ্জ থানার মাস্টারপাড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে।
পথচারী মোহাম্মদ মেহেদী হাসান জানান, সকালে ফকিরাপুলে রিকশা চালিয়ে যাওয়ার সময় বেপরোয়া একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সূত্র : বাসস