শিবচরে দুইপক্ষের সংঘর্ষে আহত ৮, ভিডিও ভাইরাল
আহতদের দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থান
শিবচর
মাদারীপুরের শিবচরে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়লে পরে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চরশ্যামাইল গ্রামের কালাম সরদার, তার দুই ছেলে ইবনে সামাদ (১৮), জুয়েল সরদার (৩৫) এবং তার স্ত্রী ইরানী বেগম (৫৫) ও সেকেন মাদরের ছেলে রাসেল মাদবর (৩৮), মাহমুদা বেগম (৩০)।
স্থানীয়রা জানায়, সম্প্রতি শিবচর উপজেলার চরশ্যামাইল গ্রামের কালাম সরদারের ছেলে ইবনে সামাদকে মারপিট করে জখম করার ঘটনায় নাসির মাদবরের পরিবারের সদস্যদের আসামি করে মামলা করা হয় শিবচর থানায়। এরই জেরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নাসির লোকজন নিয়ে কামাল সরদারের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় বসতঘর। এতে আহত হয় অন্তত পাঁচজন। যা প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়। পরে এ খবর ছড়িয়ে পড়লে পাল্টা হামলা চালালে অপরপক্ষের আরো তিনজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ।
এ দিকে আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ‘হামলার ঘটনায় উভয়পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’