রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস কাউন্টারে সামনে বাসের ধাক্কায় মো: রুহুল আমিন শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তাকর্মী ছিলেন।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে তিনি আহত হন, পরে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে বেলা ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ শাহিন জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিই। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো জানান, ‘আমরা জানতে পেরেছি কমলাপুর বিআরটিসি ৬ নম্বর বাস কাউন্টারে সামনে ৬ নম্বর পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন রুহুল আমিন। তিনি গাজীপুর জেলা শ্রীপুর থানার নান্দাসাগর এলাকার মেহের আলী শেখের ছেলে। বর্তমানে সবুজবাগের পূর্ব বসাবো এলাকায় থাকতেন।’

এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান এসআই) আবু সালেহ শাহিন।