বরিশালের উজিরপুরে ধামুরা-সানুহার সড়কের রাস্তা ইট বালু ফেলে সংস্কার করছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু।
তার এই উদ্যোগে পাঁচ ইউনিয়নের হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে। রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, আব্দুর রহিম হাওলাদার সেতু তাঁর সার্বিক তত্ত্বাবধান ও স্থানীয়দের সহযোগিতায় রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় শোলক ইউনিয়নের বাবরখানায় রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম চাঁন, বরিশাল জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আজাদ হোসেন বাশার, উজিরপুর উপজেলা যুবদলের সদস্য কাওছার হোসেন খান, শোলক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসীম উদ্দীন খলিফা, যুবদল নেতা সোহেবুর রহমান খান, আলাউদ্দিন বেপারী, কবির শিকদার, ইয়াসিন ঢালী প্রমুখ। দলীয় স্থানীয় নেতাকর্মীরা এ উন্নয়ন কাজ তদারকি করছেন।
আব্দুর রহিম হাওলাদার সেতু বলেন, ব্যক্তিগত সামর্থ অনুযায়ী দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখা প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে জায়গা করে নিতে যাচ্ছে। উন্নত বাংলাদেশের প্রতিটি নাগরিককে দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে।