রংপুরে বৈষম্যবিরোধী দু’টি হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও তাঁতী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ এপ্রিল) রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, রাত সাড়ে ১১টায় মহানগর যুবলীগের প্রচার সম্পাদক আলমনগর এলাকার আলাউদ্দিনের পুত্র মোহাম্মদ সোহাগ মিয়াকে নগরীর বাবুপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত অটোচালক সাঈদ হত্যা চেষ্টার মামলা আছে।
ওসি আরো জানান, রাত সাড়ে ১২টার দিকে নগরীর বিনোদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মহানগর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক বালাপাড়া এলাকার ছেয়ার উদ্দিন এর পুত্র আঙ্গুর মিয়াকে। একই সময়ে একই স্থান থেকে গ্রেফতার করা হয় মহানগর আওয়ামী লীগের সদস্য বিনোদপুর গ্রামের সেকেন্দার আলীর পুত্র সদরুল আলম রাজুকে। তারা দু’জনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জয়নাল আবেদীন বাপ্পির হত্যা চেষ্টা মামলার আসামি।
মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অস্ত্র হাতে তারা হামলা চালিয়েছিলেন। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেফতারে তাদের দেয়া তথ্য সহায়ক হবে।