চুয়াডাঙ্গার দর্শনায় আন্তর্জাতিক রেলবন্দরে লম্বা ছুটি, বন্ধ থাকছে আমদানি-রফতানি। বৃহস্পতিবার ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল ২০২৫ পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে কোনো মালামাল আমদানি হবে না, ফলে নয় দিনের লম্বা ছুটি থাকছে দর্শনা বন্দর।
বুধবার (২৬ মার্চ) স্টেশন কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন উপলক্ষে দেশে প্রায় সপ্তাহ খানেক সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। যার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধ থাকায়, আমদানিকারকরা টাকা জমা দিয়ে আমদানি-রফতানি করতে পারবে না। এজন্য বাংলাদেশ রেল ভবন কর্তৃপক্ষের নির্দেশে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে ভারত থেকে কোনো আমদানি করা মালামাল প্রবেশ করবে না।
দর্শনা রেল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার শওকত আলি জানান, ‘এ বিষয়ে বন্দর সংশ্লিষ্ট সকল কর্মচারী-কর্মকর্তা ও বন্দর শ্রমিকরা নয়দিন ছুটি কাটাতে পারবে।’
দর্শনা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো: রমজান আলি ও কাস্টমস কর্তৃপক্ষ জানান, ‘দর্শনা আন্তর্জাতিক স্থলপথে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এখানে সরকারি ছুটি কার্যকর হবে না।’