নীলফামারী সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর সোলেমান আলী ওরফে বাবু (৭০) ও ছেলের বউ শাবানা আক্তারের (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাশুড়ি ওয়াতোন বেগমকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিজ বাড়ির নির্মাণকাজ করার সময় ঘরের মধ্যে থাকা একটি পুরোনো বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে সোলেমানের শরীরে। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করলে তাকে বাঁচাতে ছুটে যায় ছেলের বউ ও তার স্ত্রী। এ সময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে সোলেমান ও ছেলে ওয়াজেদ আলীর স্ত্রী শাবানা মারা যায়। গুরুতর আহত অবস্থায় শাশুড়িকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাপড়া ইউনিয়ন পরিষদের (ইপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২০ মে) বিকেলে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাড়াইপাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।