সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গেল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী বিভাগের বাঘাবাড়ি উপজেলায় ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রাজারহাট উপজেলায় ১৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫ মিলিমিটার। শনিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ০৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ০৭ মিনিটে। সূত্র : বাসস