দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বছরের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা এটিকে মৃদু তাপপ্রবাহ বলে বর্ণনা করেছেন। শনিবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ সোমবার পর্যন্ত চলতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা বিভাগের বেশিভাগ জেলা, রাঙ্গামাটির ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

হাফিজুর রহমান জানান, এরপরে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। তারপর তাপপ্রবাহ কিছুটা কমে আসবে। তবে ২০ মার্চের পর তাপমাত্রা কিছুটা বাড়বে। এপ্রিল ও মে মাস নাগাদ বেশ কয়েকটি তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।