সারাদেশে প্রবহমান উষ্ণ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এছাড়া মৌসুমী আবহাওয়ার প্রভাবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রামের দু’য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, এ সময় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরো জানানো হয়েছে, আজ (বৃহস্পতিবার) ঢাকা ও পাশের এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এছাড়া, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।
এর আগে, গতকাল (বুধবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আগামী শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসাথে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সূত্র : ইউএনবি