রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) -এর চেয়ারম্যান প্রকৌশলী মো: রিয়াজুল ইসলাম রিজু বলেছেন, পূর্বাচলকে আগামী ছয় মাসের মধ্যে বাসযোগ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পূর্বাচল নতুন শহরকে অতিদ্রুত একটি সুন্দর, বাসযোগ্য এলাকা হিসেবে দেশবাসীর কাছে পৌঁছে দেয়ার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। এ সময় পূর্বাচল প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি ছয় মাসের মধ্যে পূর্বাচলকে বাসযোগ্য করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
শনিবার রাজউকের আওতাধীন হাতিরঝিল ও পূর্বাচল এলাকা পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান এসব কথা বলেন।
এ সময় উল্লিখিত এলাকাসমূহের বিশেষ পরিদর্শন ছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
একটি বাসযোগ্য নগরী হিসেবে ঢাকাকে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের চলমান প্রকল্পসমূহের বর্তমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানার জন্য রাজউক চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সকাল থেকে হাতিরঝিল এলাকা সরেজমিনে পরিদর্শন শুরু করেন। পরিদর্শনের অংশ হিসেবে রাজউকের কর্মকর্তাবৃন্দ হাতিরঝিল ওয়াটার বোটের জেটি, এম্ফিথিয়েটার, ওয়াকওয়ে ও রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
রাজউক চেয়ারম্যান পরিচ্ছন্ন কার্যক্রমের সুষ্ঠু তদারকির জন্য পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত সকল কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী ও কোম্পানি প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। হাতিরঝিলকে একটি দর্শনার্থীবান্ধব স্থান করে তোলার জন্য নিয়মিত সঠিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় রাজউক চেয়ারম্যান পরিচ্ছন্নতাকর্মীদের সুবিধা-অসুবিধা নিয়ে জানতে চান এবং অসুবিধাগুলো সমাধানের আশ্বাস দেন।
এরপর রাজউক চেয়ারম্যানসহ উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ হাতিরঝিল এলাকায় অবস্থিত কিছু রেস্টুরেন্ট ঘুরে দেখেন ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের লক্ষ্যে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। এরপর রাজউক -এর প্রতিনিধিদল গুলশানে অবস্থিত রাজউক চেয়ারম্যান বাংলোর সংস্কার কার্যক্রম পরিদর্শনে যান।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন- রাজউক -এর সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহা. হারুন-অর-রশীদ, রাজউকের প্রধান প্রকৌশলী, প্রধান নগর পরিকল্পনাবিদ, প্রধান নগর স্থপতি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।