বেশ কিছুদিন ধরে আইকিউএয়ারের দূষিত বাতাসের শহরগুলোর তালিকার শীর্ষস্থানে পরিচিত শহর ঢাকা, দিল্লিকে দেখা যাচ্ছে না। পরিবর্তে প্রতিদিনই আফ্রিকা বা এশিয়ার অন্য কোনো শহর স্থানগুলো দখল করছে। তবে আজ ফের কিছুটা ব্যতিক্রম দেখা গেছে এই তালিকায়, দুটি শীর্ষস্থান দখল করে নিয়েছে মধ্যপ্রাচ্যের দুই শহর।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সোয়া ৯টায় বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল ইরাকের বাগদাদ। তারপরই জায়গা করে নেয় কুয়েত সিটি। কিন্তু শহরদুটির দূষণের মাত্রা দেখলে চোখ কপালে ওঠার মতো।
সাধারণত বায়ুদূষণের সূচক (এইকিআই) ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-র বেশি যেকোনো সূচক।
অথচ বাগদাদের একিউআই সূচক ছিল দ্বিগুণেরও বেশি। ওই সময়ে ৭৫৮ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল শহরটি। দ্বিতীয় স্থানে থাকা কুয়েত সিটির অবস্থাও নাজুক, এই শহরের দূষণের সূচক ছিল ৫৭৭।
এর আগে, এ বছরের ১৫ মে একই ধরনের বিপর্যয় দেখা গিয়েছিল বাগদাদে। সেদিন সকালে শহরটির দূষণের মাত্রা ছিল আজকের চেয়েও বেশি, ১০৯২।